মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পালিত হয়েছে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’। আজ ৬ সেপ্টেম্বর (রবিবার) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলে একযোগে এ কর্মসূচি পালিত হয়। গত ১১ জুলাই ২০২৬ সামার টার্মে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাকৃবিতে যোগ দিতে এসে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া সবুজায়ন কার্যক্রমের ধারাবাহিকতায় ক্যাম্পাসকে আরও নান্দনিক ও পরিবেশসম্মত করে গড়ে তুলতে আজ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এ বৃক্ষরোপণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এবং সংশ্লিষ্ট আবাসিক হলসমূহের সার্বিক ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয় শহীদ তাজউদ্দীন আহমদ হলে। এরপর পর্যায়ক্রমে নতুন ছাত্রী হল, ইলা মিত্র হল, বেগম রোকেয়া হল, শহীদ আহসান উল্লাহ মাস্টার হল এবং নতুন ছাত্র হলে বৃক্ষরোপণ করা হয়।