“জাগো বাহে কুণ্ঠে সবাই”—এই স্লোগানকে সামনে রেখে বিশ্বখ্যাত মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর স্মরণে রংপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী “রংপুর পথমূকাভিনয় উৎসব ২০২৬”। আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সন্ধ্যা ৬ টায় রংপুর শহীদ মিনার প্রাঙ্গণ (পাবলিক লাইব্রেরি মাঠ)-এ এই জমকালো উৎসবের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের আয়োজনে এবং ‘মুক্তবিহঙ্গ রংপুর’-এর সার্বিক সহযোগিতায় এ উৎসবের কর্মসূচি সাজানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর সিটি কর্পোরেশন প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন। উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. সমর্পিতা ঘোষ তানিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক, রংপুর মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (রামবা) সভাপতি মোহাম্মদ জহির আলম নয়ন, নাট্য ফোরামের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ডলার, তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আসরাফুল আলম আল-আমীন এবং বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের কো-চেয়ারম্যান শাকুর শাহরিয়ার।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের চেয়ারম্যান আসবীর রাফসান।
উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে দেশের বিভিন্ন নাট্যদল ও সংগঠনের পরিবেশনায় পরিবেশিত মূকাভিনয় ও প্রদর্শনীর বর্ণিল পরিবেশনা। প্রদর্শিত হতে যাওয়া কাজ ও দলগুলোর মধ্যে রয়েছে:
১. প্রতিবাদী কৃষক (রচনা, নির্দেশনা ও অভিনয়: মো. শামীম শেখ; পরিবেশনায়: নওগাঁ মাইম থিয়েটার)
২. দৌড় ও দুর্গমগিরি (রচনা, নির্দেশনা ও অভিনয়: আসাবীর রাফসান; পরিবেশনায়: সাইলেন্ট থিয়েটার)
৩. এই শহরে (রচনা ও নির্দেশনা: রবিউল ইসলাম রবি; পরিবেশনায়: কাকাচিস কারমাইকেল কলেজ, রংপুর)
৪. জাত (রচনা, নির্দেশনা ও অভিনয়ে: শাকুর শাহরিয়ার; পরিবেশনায়: পুরাণ, চট্টগ্রাম)
৫. সীমারের প্রত্যাবর্তন (রচনা ও নির্দেশনা: রবিউল রবি; পরিবেশনায়: মুক্ত বিহঙ্গ, রংপুর)
৬. একটি স্বপ্নের মৃত্যু (রচনা ও নির্দেশনা: রবি রবিউল; পরিবেশনায়: প্রযোজনা)
৭. দ্য মাস্ক মেকার (মূল- মার্সেল মার্সো, অভিনয় ও নির্দেশনা- ইহতিয়াজ ত্বকী)
আয়োজকরা আশা করছেন, এই পথমূকাভিনয় উৎসব রংপুরের সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন মাত্রার যোগ করবে এবং শিল্পপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে। অনুষ্ঠানে সকল সংস্কৃতির অনুরাগী ও জনসাধারণকে সবান্ধব আমন্ত্রণ জানানো হয়েছে।