আজ থেকে বাংলাদেশ-ভারতের ৫ রুটে নতুন বাস
আজ থেকে শুক্রবার (২ ফেব্রুয়ারি) শ্যামলী এনআর ট্রাভেলস ও রয়েল কোচ নতুন করে ভারতের সঙ্গে পাঁচ আন্তর্জাতিক রুটে বাস অপারেটরের সার্ভিস শুরু করতে যাচ্ছে। শুক্রবার সকাল সাড়ে ৬টায় কমলাপুরে বিআরটিসির আন্তর্জাতিক বাস টার্মিনালে বাসগুলোর উদ্বোধনী অনুষ্ঠান হবে।
রুটগুলো হলো- ঢাকা-কলকাতা, ঢাকা-শিলং-গৌহাটি, ঢাকা-খুলনা-কলকাতা, আগরতলা-ঢাকা-কলকাতা এবং ঢাকা-আগরতলা।
টেন্ডারের মাধ্যমে নতুন এই দু’টি বাস অপারেটর বাংলাদেশ-ভারতের মধ্যে পাঁচ রুটে চলাচলের অনুমতি পেয়েছে বলে জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়া।
জানা যায়, এন আর ট্রাভেলস চারটি ও রয়েল কোচ একটি রুটে তাদের সার্ভিস পরিচালনা করবে। এন আর ট্রাভেলস বাস অপারেটর হিসেবে ঢাকা-কলকাতা, ঢাকা-শিলং-গৌহাটি, ঢাকা-খুলনা-কলকাতা এবং ঢাকা-আগরতলা রুটে চলবে রয়েল কোচ।
এ ব্যাপারে এন আর ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী রাকেশ ঘোষ জানান, এন আর ট্রাভেলস ৬ ইউনিট বাস নামিয়েছে নতুন রুটগুলোর জন্য। এর মাধ্যমে যেকোনো সময়ের চেয়ে আরও উন্নত যাত্রীসেবা ও আরামদায়ক বাস পাবেন যাত্রীরা। ভাড়া আগের মতোই থাকবে। হুন্দাই বাস চলবে ঢাকা-কলকাতা রুটে।
নতুন বাস অপারেটর নিযুক্ত করার মাধ্যমে সরকারের রাজস্ব বাড়বে। তবে যাত্রী ভাড়ার পরিবর্তন হবে না। আগের মতো থাকবে।ঢাকা-কলকাতা রুটের ভাড়া ১৯শ টাকা, ঢাকা-শিলং-গৌহাটি আসা যাওয়া ৫১শ টাকা।
গতবছর পাঁচটি রুটে বাস চালাতে বিআরটিসির ডাকা টেন্ডারে অংশ নিয়েছিলো শ্যামলী পরিবহন, গ্রিন লাইন পরিবহন, শ্যামলী এন আর ট্রাভেলস, সেজুতী ট্রাভেলস ও রয়েল কোচ। টেন্ডারের মাধ্যমে আধুনিক বাস ও সেবার দিক বিবেচনায় শ্যামলী পরিবহনকে নির্বাচিত করা হয়। ১৯৯৯ সালে ঢাকা-কলকাতা রুটে সৌহার্দ্য বাস সার্ভিসের জন্য বাংলাদেশের বিআরটিসি ও ভারতের ডব্লিউবিটিসি কর্তৃপক্ষ উভয় দেশের মধ্যে বাস সেবা চালু করে।